অস্ট্রেলিয়ার তেল শোধনাগার আগুনে ,জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে অস্ট্রেলিয়ার জিলং শহরের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেশটির জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


 বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে জিলংয়ের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জির শোধনাগারে এই অগ্নিকাণ্ড ঘটে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। পরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


 অধিকাংশ রিপোর্ট অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে ডিজেল বা পেট্রোল উৎপাদনে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়েনি, যা চলমান অস্থিতিশীল জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন ঘটনাটিকে “ইতিবাচক নয়” বলে উল্লেখ করে বলেন, শোধনাগারের ক্ষতির মাত্রা এখনো পুরোপুরি নির্ধারণ করা যায়নি এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। অস্ট্রেলিয়া তার পরিশোধিত জ্বালানির ৮০ শতাংশের বেশি আমদানি করে, যার বড় অংশ আসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। 


এসব দেশ আবার মধ্যপ্রাচ্যের তেল ও হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার চাপের মুখে রয়েছে, তার ওপর এই দুর্ঘটনা অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে।