মিয়ানমারে অং সান সু চির সাজার মেয়াদ কমালো
মিয়ানমারে কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চির সাজার মেয়াদ কমিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন সু চির আইনজীবী।
বর্তমানে ৮০ বছর বয়সী সু চি উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো একাধিক অভিযোগে মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তার সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সু চির আইনজীবীর ভাষ্য অনুযায়ী, তার সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমানো হয়েছে। তবে বাকি সাজা তিনি গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কি না—এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গত ছয় মাসে এটি তৃতীয়বারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মিয়ানমারে সাধারণত জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে বন্দীদের জন্য এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। তবে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সেনা-সমর্থিত সরকারের এক মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলেও তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।
পরবর্তীতে গত ৩ এপ্রিল মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।

মন্তব্য করুন