বাংলাদেশকে ২৪৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিল নিউজিল্যান্ড
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। তবে শুরুটা ভালো হয়নি কিউইদের। দলীয় ২১ রানে প্রথম ধাক্কা খায় তারা। ২৩ বলে ৭ রান করে ফিরে যান নিক কেলি। এরপর দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়াং ৭৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন।
আউট হওয়ার আগে ৪২ বলে ৩০ রান করেন ইয়াং। অধিনায়ক টম লাথামও বড় ইনিংস খেলতে পারেননি। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি। একপ্রান্তে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকা ওপেনার হেনরি নিকোলস তুলে নেন নিজের অর্ধশতক। শেষ পর্যন্ত ৮৩ বলে ৯ চারসহ ৬৮ রান করে রিশাদের বলে কট বিহাইন্ড হন তিনি। নিকোলস ফিরলেও ইনিংস সামাল দেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার ৫৯ রান করে আউট হন।
এছাড়া নাথান স্মিথ ২০, ব্লেয়ার টিকনার ৭ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। জিততে হলে বাংলাদেশের ব্যাটারদের করতে হবে ২৪৮ রান।

মন্তব্য করুন