টেবিল চাপড়ানোতেই লুজ কানেকশন, সংসদে সাউন্ড বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :


জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে সাম্প্রতিক বিভ্রাটের প্রধান কারণ হিসেবে তার ও কানেক্টরের সমস্যাকে দায়ী করেছেন কমিশনিং কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদার।


 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। জাহিদুর রহিম বলেন, সিস্টেমে মূল সমস্যা ছিল নেটওয়ার্কের তারে। পরবর্তীতে সেই তার পরিবর্তন করে নতুন তার বসানোর পর সমস্যা সমাধান হয়েছে এবং বর্তমানে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। তিনি আরও বলেন, সিস্টেম একাধিকবার পরীক্ষা করে ঠিক পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে কানেক্টরের ক্লিপ ভাঙা বা ঢিলা থাকার কারণে সমস্যা দেখা দেয়।


সংসদ অধিবেশন চলাকালে টেবিল চাপড়ানোর সময় কম্পনের কারণে এসব কানেক্টর ঢিলা হয়ে যায়, যা বিভ্রাটের অন্যতম কারণ। জাহিদুর রহিম জানান, তার প্রতিষ্ঠান ১৯৯৪ সাল থেকে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে আসছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থনের সময় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে তারাই ব্যয় প্রাক্কলন তৈরি করে। সেই প্রাক্কলনের ভিত্তিতে প্রায় ৪ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়।


 তবে সর্বনিম্ন দরদাতা হওয়ায় ইনস্টলেশনের কাজ পায় আমানত এন্টারপ্রাইজ নামে অন্য একটি প্রতিষ্ঠান। কমিশনিংয়ে অভিজ্ঞতা না থাকায় পরবর্তীতে কমিউনিকেশনস টেকনোলজি লিমিটেড সফটওয়্যার ইনস্টলেশন ও কমিশনিংয়ের কাজ সম্পন্ন করে। বর্তমানে সাউন্ড সিস্টেম পুরোপুরি সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।