তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজটে জনভোগান্তি

Unknown
প্রকাশ :
ছবি:সংগৃহিত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন বন্ধ হয়ে গেছে। ফলে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও যানচালকরা।


 মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম জানান, সাতরাস্তা মোড় রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। এই সড়ক অবরোধের কারণে বিজয়নগরসহ আশপাশের একাধিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।


 আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে উপসহকারী প্রকৌশলী পদে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই আবেদন করার সুযোগ পেয়ে আসছেন।


 নতুন এই সুপারিশ কার্যকর হলে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ন হবে বলে তারা মনে করছেন। কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী ও উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তবে বর্তমান সময়ে উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার একটি সুপারিশ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। 


এই সুপারিশ অবিলম্বে বাতিল না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা গেছে।