ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ মির্জা ফখরুল বলেন, “এখানে একটি মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে। জায়গাও নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ স্থাপিত হলে বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যাতে এলাকার মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পায়।” তিনি আশা প্রকাশ করেন, মেডিকেল কলেজ চালু হলে জেলার স্বাস্থ্যখাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
হাসপাতাল পরিদর্শন ও উন্নয়নের আশ্বাস মন্ত্রী জানান, হাসপাতালটি পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্ন পাওয়া গেছে। স্বাস্থ্যসেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি বলেন, “হাসপাতাল সুপারকে বলেছি, স্বাস্থ্যসেবার মান বাড়াতে যা যা প্রয়োজন আমাদের জানালে সরকার সেভাবে ব্যবস্থা নেবে।” এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে একটি নতুন লিফট স্থাপনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সীমিত সম্পদের মধ্যেও যেন স্বাস্থ্যসেবা আরও কার্যকর করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন ধরে কর্মরতদের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমাদের সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ হয়েছে। খুব দ্রুতই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” স্থানীয়রা মনে করছেন, মেডিকেল কলেজ বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে এবং রাজধানীমুখী রোগীর চাপ কমবে।

মন্তব্য করুন