অনুমোদন পেল নতুন ১১ শিক্ষাপ্রতিষ্ঠান: ৪টি স্থাপন ও ৭টিতে পাঠদানের অনুমতি দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

আলফাত হোসেন, নিউমার্কেট থানা প্রতিনিধি : দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে নতুন চারটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাঠদানের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


সিনিয়র সহকারী সচিব শিরিন আখতার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেসরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ ও কলেজ) স্থাপন, চালুকরণ, স্বীকৃতি, অতিরিক্ত শ্রেণি শাখা, বিষয় ও বিভাগ খোলার লক্ষ্যে গঠিত প্রক্রিয়াকরণ কমিটির সুপারিশের ভিত্তিতে এই অনুমোদন প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের আওতাধীন সংশ্লিষ্ট এই ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শর্তাবলি পূরণ সাপেক্ষে নির্ধারিত বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।


অনুমোদন পাওয়া ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা:
নতুন স্থাপনের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ (৪টি):
১. বেগম রাশিদা একিন উদ্দীন মডেল স্কুল, গাংনী, মেহেরপুর (যশোর বোর্ড)
২. রশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল, দোয়ারাবাজার, সুনামগঞ্জ (সিলেট বোর্ড)
৩. পশ্চিম ডাবুয়া গনিপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম (চট্টগ্রাম বোর্ড)
৪. শাহ রাহাত আলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া (কুমিল্লা বোর্ড)
পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ (৭টি):
৫. আমিনা কেরামত আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ, যশোর সদর, যশোর (যশোর বোর্ড)
৬. কুমিল্লা সেন্ট্রাল স্কুল, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা (কুমিল্লা বোর্ড)
৭. টেংরা উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার, সুনামগঞ্জ (সিলেট বোর্ড)
৮. অ্যাডভোকেট মিজানুর রহমান একাডেমি, নলছিটি, ঝালকাঠি (বরিশাল বোর্ড)
৯. বেগম আয়েশা হক উচ্চ বিদ্যালয়, চকরিয়া, কক্সবাজার (চট্টগ্রাম বোর্ড)
১০. ড. আতিকুর রহমান মালিক ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা (যশোর বোর্ড)
১১. ইভা মডেল হাই স্কুল, তিতাস, কুমিল্লা (কুমিল্লা বোর্ড)


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে জমির রেজিস্ট্রি, নামজারি, খাজনা খারিজ এবং ব্যাংকে স্থায়ী আমানত জমা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট বিভাগে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।