হাবিপ্রবি প্রশাসনের পরিচয়ে কল, স্কলারশিপের কথা বলে শিক্ষার্থীর ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত

এস এম জায়েদ, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনের পরিচয় দিয়ে নির্ভুল প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান করে এক শিক্ষার্থীর কাছ থেকে ওটিপি (OTP) নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।


 গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৬ সেশনের এক শিক্ষার্থীর মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর(01873510523) থেকে কল আসে। কলদাতা নিজেকে হাবিপ্রবি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি(একাউন্টেন্ট) হিসেবে পরিচয় দেন এবং শিক্ষার্থীকে তার সম্পর্কে ও বিশ্ববিদ্যালয়সংক্রান্ত বেশ কিছু নির্ভুল প্রাতিষ্ঠানিক তথ্য জানান। এরপর স্কলারশিপ দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীর কাছে ওটিপি (OTP) চাওয়া হয়। উল্লেখ্য, ভুক্তভোগী শিক্ষার্থী বোর্ড বৃত্তিধারী ছিলেন। সেই বৃত্তির টাকা প্রদান করা হবে বলে জানানো হয়। নির্ভুল প্রাতিষ্ঠানিক তথ্য দেওয়ায় বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। 


একপর্যায়ে তিনি ওটিপি প্রদান করলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে ট্রান্সফার হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রতারকরা তার সম্পর্কে নির্ভুল প্রাতিষ্ঠানিক তথ্য জানায় এবং ব্যাংক-সংক্রান্ত তথ্যও প্রদান করে। এ কারণে পুরো বিষয়টি তার কাছে সত্য বলে মনে হয়েছিল। পরে ওটিপি দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার হয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 


বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্ভুল প্রাতিষ্ঠানিক তথ্য প্রতারক চক্র কীভাবে সংগ্রহ করছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। শিক্ষার্থীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রতারক চক্রকে শনাক্ত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ সকল বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।