২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫, বিপুল পরিমাণ মাদক ও ২ মোটরসাইকেল জব্দ

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত

হারুন অর রশিদ ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনা ও নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় মহাদেবপুর, মান্দা, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর থানায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।


 পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীসহ মাদক সংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। অভিযানগুলোর মধ্যে— ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ চারজনকে গ্রেপ্তার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


মান্দায় ২৪ পিস ট্যাপেন্টাডল, ৫০ পিস ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।পোরশায় পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।নিয়ামতপুরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ একজনকে গ্রেপ্তার করা হয়।পত্নীতলায় পৃথক দুটি অভিযানে ৩৬ পিস ট্যাপেন্টাডলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও পাঁচজন মাদকাসক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 জেলা পুলিশ জানিয়েছে, সমগ্র নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাধারণ জনগণকে পুলিশকে তথ্য ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সূত্র: নওগাঁ জেলা পুলিশ