নীরব শোষণ’ বন্ধ,শিক্ষার্থীদের পক্ষে ঐতিহাসিক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তির পর পরবর্তী শ্রেণিতে পুনরায় ভর্তি ফি আর দিতে হবে না শিক্ষার্থীদের। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে নীতিমালা প্রকাশ করেছে।


 মূলত: দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।


 নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে—‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে। এর বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা যাবে না।


 বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের যাবতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে এবং তহবিলের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের দায়িত্ব থাকবে প্রতিষ্ঠান প্রধানের ওপর। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর্থিক অনিয়মের ক্ষেত্রে পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানকে যৌথভাবে দায়ী করা হয়েছে।


 আয় ব্যবস্থাপনার ক্ষেত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হলে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের ফি, দান-অনুদান ও সম্পত্তি থেকে প্রাপ্ত সব আয় নির্ধারিত ব্যাংক হিসাব অথবা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) কিংবা সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে জরুরি প্রয়োজনে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। 


সেক্ষেত্রে আদায়কৃত অর্থ দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে। আয়-ব্যয়ের খাতে কোনো সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে আদায়কৃত অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে একবার ভর্তির পর পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ফি না দিতে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।


 এতে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিতে পারবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি গ্রহণ করতে পারবে। এর আগে গত ২৫ জানুয়ারি পুনঃভর্তি ফি বাতিল চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট দায়ের করে বেসরকারি সংস্থা ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড।


 অভিযোগে দেশের শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলমান সবচেয়ে ‘ভয়াবহ ও নীরব শোষণের নাম পুনঃভর্তি ফি’ বলে দাবি করা হয়। মূলত সেই রিটের প্রেক্ষিতে পুনঃভর্তি ফি বাতিলের এমন রায় দিয়েছে হাইকোর্ট।