ফিরছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশে আবারও অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এবার শুধুমাত্র অনলাইন নয়, অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতি চালু করা হচ্ছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


 তিনি জানান, করোনাকালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকেই সীমিত পরিসরে এ কার্যক্রম চালু হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা রাখে, সেগুলোতেই প্রথমে এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি নির্বাচিত প্রতিষ্ঠানে এর সূচনা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে।


 এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস হবে। শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস পরিচালিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া, শনিবারকে আর সাপ্তাহিক ছুটি হিসেবে রাখা হচ্ছে না বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ও অফলাইন—উভয় ধরনের ক্লাস পরিচালনা করবেন। 


 শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে নতুন শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলক এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ধাপে ধাপে ব্লেন্ডেড পদ্ধতি চালু করা হতে পারে।