স্বর্ণের দাম কমল, আজকের ভরি মূল্য কত?
স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্যহার দেশের স্বর্ণ ও রুপার বাজারে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

মন্তব্য করুন