দুই কলেজ শিক্ষককে পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই শিক্ষককে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে কলেজ চলাকালীন পার্সেল খুলে এ ঘটনা জানাজানি হলে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হুমকি পাওয়া দুই শিক্ষক হলেন—মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পোস্ট অফিসের এক কর্মী ওই দুই শিক্ষকের নামে দুটি পার্সেল কলেজে পৌঁছে দেন। রোববার কলেজে এসে শিক্ষকরা পার্সেল দুটি খুলে দেখেন, ভেতরে ভাঁজ করা নতুন কাফনের কাপড় রাখা হয়েছে। প্রতিটি পার্সেলে চার খণ্ড করে কাফনের কাপড় ছিল। এ ঘটনায় আতঙ্কিত হয়ে শিক্ষকরা বিষয়টি সহকর্মীদের জানান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে যায়। পার্সেলের গায়ে লেখা প্রেরকের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের পার্সেলে প্রেরক হিসেবে লিখন হোসেনের নাম উল্লেখ ছিল। অপরদিকে, আব্দুস সামাদের পার্সেলে প্রেরকের স্থানে জনি আহমেদের নাম লেখা ছিল। উভয় পার্সেলেই প্রেরকের ঠিকানা হিসেবে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষকরা জানান, তাদের কারও সঙ্গে কোনো বিরোধ বা শত্রুতা নেই। হঠাৎ এভাবে কাফনের কাপড় পাঠানোয় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, এতে শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড় জব্দ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলায়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন