ভাইরাল তাজু ফিরে পেলেন ফেসবুক পেজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু রাতারাতি ভাইরাল হওয়া তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ পুনরায় ফিরে পেয়েছেন।
উধাও হওয়ার একদিন পর সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি আবারো সক্রিয় রয়েছে। পেজটি ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম। তাজুর ফেসবুক পেজটি রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে হঠাৎ করে উধাও হয়ে যায়। পেজটি পুনরায় সক্রিয় হওয়ার পর তার ভক্ত ও ফলোয়ারদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাজু চরনারায়ণপুরের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা।
পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী। মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ তিনি ভাইরাল হন। স্বাধীনতা দিবসের (২৬ মার্চ) দিন স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে তার ভিডিও প্রকাশিত হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও তাজু স্থানীয় মানুষের সমস্যা তুলে ধরে ভিডিও নির্মাণ করেন। তার সৃজনশীল ও সরল কনটেন্ট অল্প সময়ের মধ্যে ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়। পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
অনেকে ধারণা করেছিলেন পেজটি হ্যাক হয়েছে বা কোনো কারণে সরানো হয়েছে। তবে সোমবার পেজটি ফিরে আসায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।
তাইজুল ইসলাম তাজু বলেছেন, “আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

মন্তব্য করুন