রিকশা ও অটোরিকশা লাইসেন্সের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


রাজধানীতে রিকশা, অটোরিকশা ও ভ্যান চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তবে নগর পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এসব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।


 সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পরিবহনব্যবস্থাকে সুশৃঙ্খল করা জরুরি। রিকশা বা অটোরিকশা বন্ধ করার কোনো পরিকল্পনা না থাকলেও এগুলোকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এজন্য হকারদের মতো রিকশা, ভ্যান ও অটোরিকশাকেও নিবন্ধনের আওতায় আনা হবে। তিনি বলেন, যে কেউ বাইরে থেকে এসে ঢাকায় রিকশা চালানো শুরু করলে তা সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে পড়ে না। যে এলাকার চালক, তাকে সেই এলাকাতেই যানবাহন পরিচালনা করতে হবে।


 এতে পরিবহন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ডিএসসিসি প্রশাসক জানান, লাইসেন্সিং ও নিবন্ধন ব্যবস্থা চালু হলে যানজট কমবে এবং চালকদের পরিচয় ও কার্যক্রম নির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এসব যানবাহনের ব্রেকিং ব্যবস্থার দুর্বলতার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে এগুলো পরিচালনা করা যায়, সে বিষয়ে চালকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারীদের উচ্ছেদ করা হবে না। তাদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল ও স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা চালু হয়েছে উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে রিকশা ও অটোরিকশার ক্ষেত্রেও একই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।


 এ বিষয়ে চালক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আশফাকুল ইসলাম মনু। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।