মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান; ক্ষতি প্রায় কোটি টাকা

জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি
প্রকাশ :
ছবি: সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


 শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা ধর্মঘর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিকভাবে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মানিকছড়ি উপজেলায় নিজস্ব কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 


তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের ভয়াবহতায় মুদি, ফার্মেসিসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে ফার্মেসিতে থাকা প্রায় ৬০ লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুনে দোকান ও ব্যবসার মালামাল হারিয়ে অংথুইশে মারমাসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। তাদের পরিবারের জীবিকা মূলত এসব ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।


 তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয়দের দাবি, মানিকছড়িতে দ্রুত একটি স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলে ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।