লঞ্চে ৮ মাসের শিশুকে রেখে উধাও ‘বাবা

ডেস্ক রিপোর্ট:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি লঞ্চে প্রায় ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে রেখে এক ব্যক্তি উধাও হয়েছেন। নিজেকে শিশুটির বাবা পরিচয় দেওয়া ওই ব্যক্তি শিশুটিকে রেখে লঞ্চ থেকে নেমে আর ফিরে আসেননি।


 বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া এমভি বন্ধন-৫ লঞ্চটি ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করলে এ ঘটনা ঘটে। লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে ধুলিয়া ঘাটে যাত্রী ওঠানামার সময় এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে তার বাবা বলে পরিচয় দেন।


 তিনি লঞ্চে কিছুক্ষণ অবস্থান করার পর পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ করে শিশুটির মাকে নিয়ে আসার কথা বলে লঞ্চ থেকে নেমে যান। এরপর লঞ্চটি ছেড়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। পরে শিশুটি কান্না শুরু করলে এবং তার কোনো স্বজন না পাওয়া গেলে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখে।


 এ বিষয়ে লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন, “ওই ব্যক্তি শিশুটিকে রেখে নামার পর আর ফিরে আসেননি।” এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কেন শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন তা জানা যায়নি। শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার স্বজনদের খোঁজ চলছে।


 বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন, তবে খোঁজ নেওয়া হচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানার পর তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে শিশুটির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।