দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি:সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনা সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় ঘটে। নিহতরা হলেন দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারী পাড়ার আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তার মেয়ে মুনতাহা (৭)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মমতার আরেক মেয়ে মুবাশ্বিরা।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল নাদের পরিবহনের একটি বাস। এ সময় সোনাহার ইউনিয়নে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে ফিরছিলেন মমতা বেগম ও তার যমজ দুই মেয়ে। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মমতার ভাগ্নে মনিরুল ইসলাম। নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মমতা বেগম ও এক মেয়ে গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানিয়েছেন, ‘ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’