চাঁদপুরে পার্কিংয়ে থাকা ৩ বাসে আগুন, ক্ষতি লাখ টাকার ওপরে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩টি যাত্রীবাহী ‘জৈনপুর এক্সপ্রেস’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সীরহাট দক্ষিণ বাজার স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসে প্রথমে আগুন দেখতে পান পথচারীরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বাসটি বেশি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৪-৪৫৩৯) এবং জৈনপুর এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫-৬৯) বাস দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন