ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষের সঙ্গে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। তিনি বলেন, ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতি রক্ষা করেছে।


 মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে। তিনি আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনেই কৃষক-কৃষাণীদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ। 


এর মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকি ও প্রণোদনা, কৃষি যন্ত্রপাতি, মোবাইলভিত্তিক ফসল চিকিৎসা, আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ এবং কৃষি বিমা সুবিধা পাবেন। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সামাজিক সচেতনতা বাড়ছে। দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু করা হবে। পাশাপাশি কক্সবাজার থেকে মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অপহরণ ও অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।


 কৃষি বিভাগের পাইলট প্রকল্পের আওতায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১ হাজার ৬৯৮ জন কৃষক এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে ১ হাজার ৪৬৩ জন কৃষক এবং ২৩৫ জন কৃষাণী রয়েছেন। টেকনাফের এজাহার মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।


 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, লুৎফর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।