সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার নিজ সংসদীয় এলাকা সরাইলের হাসপাতাল নিজেই “রোগীর মতো অবস্থায়” রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটি নানা সংকটে ভুগছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা জানান, সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল রয়েছে, যেখানে চিকিৎসাসেবার অবস্থা অত্যন্ত নাজুক। তার ভাষায়, “হাসপাতালটি নিজেই একটি রোগীর মতো।”
তিনি আরও বলেন, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মচারী, ওষুধ এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ৫ আগস্টের পর ঠিকাদার কাজ ছেড়ে পালিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেন।
বর্তমানে পুরোনো দোতলা ভবনে চিকিৎসা কার্যক্রম চলছে উল্লেখ করে তিনি জানান, হাসপাতালে মোট ৬৪টি পদ শূন্য রয়েছে, যা স্বাস্থ্যসেবাকে আরও ব্যাহত করছে।

মন্তব্য করুন