কারাগার থেকেই নির্বাচনে অংশ নিতে রিট ব্যারিস্টার সুমনের
বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ এ অংশ নিতে চান।
এ জন্য অনুমতি চেয়ে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছেন। বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ এ রিট দায়ের করেন। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল গত ৭ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় ব্যারিস্টার সুমন নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না বলে রিটে উল্লেখ করা হয়। এ কারণে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাক্ষরের অনুমতি চাওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রিটে আরও বলা হয়, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকার লঙ্ঘনের শামিল।
এ অবস্থায় হাইকোর্টে তার মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা এবং নির্ধারিত সময় পার হলেও মনোনয়ন গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করারও প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন