জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) অনুষ্ঠিতব্য এই ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করবেন বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
রাজনৈতিক অঙ্গনে এ আয়োজনকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

মন্তব্য করুন