হাতিয়ায় এমপি হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, আহত ১০

জেলা প্রতিনিধি :
প্রকাশ :
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় হাতিয়া-৬ আসনের সংসদ সদস্য ও নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।


 আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ স্থানীয় প্রকল্প বাজার এলাকায় সহিংসতা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে হামলার ঘটনা ঘটে। 


এ সময় তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়, গাড়িবহরকে অবরুদ্ধ করা হয় এবং বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গাড়িবহরটি দলীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় এবং মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।


 আবদুল হান্নান মাসুদ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা তাদের উপর হামলা চালিয়ে পাঁচজনের অধিক লোককে অবরুদ্ধ করে রাখে। তার গাড়িবহরে থাকা দশটির অধিক মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে ভাঙচুর করা হয়। উপস্থিত পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। হামলার পর, আবদুল হান্নান মাসুদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে বসে আন্দোলন শুরু করেন এবং ঘটনার তীব্র বিচার দাবি করেন।


 দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উত্তেজনা বিরাজ করছে। নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি জানতে পেরে অতিরিক্ত পুলিশ টিম পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।