চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, বেইজিংয়ের উদ্দেশে রওনা
চীনা সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা চীনের উদ্দেশে রওনা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চায়না নর্দান এয়ারলাইনসের ফ্লাইটে দলটি চীনের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। আগামী ১৯ এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই সফরে চীনে যোগ দেবেন। ২১ এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। সরকার গঠনের পর দল হিসেবে এটিই বিএনপির প্রথম চীন সফর বলে জানা গেছে।
প্রতিনিধি দলে আরও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, নজমুল হক নান্নু, বেবী নাজনীন, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সৈয়দ আল নোমান, মনোয়ার হোসেন, সানজিদা তুলি, কামাল আনোয়ার আহমেদ এবং আমানুল্লাহ আমানসহ আরও অনেকে।

মন্তব্য করুন