চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স,প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ব্যবসা, পরিবহন ও নির্মাণ খাতে চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তবে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা হওয়ায় চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি, এটি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে এবং এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নদী রক্ষা কমিশন আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নতুন আইনের আওতায় নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
আইন প্রয়োগে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, টিকাদান কর্মসূচির ঘাটতির কারণে কিছু শিশু পূর্বে কভারেজের বাইরে ছিল।
তবে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, যদিও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন