বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতি নিয়ে তদন্ত চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার। এ সময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রশ্ন করেন, বিগত সরকারের সময়ে প্রশাসনে দলীয়করণ ও নিয়োগে অনিয়মের কারণে কতজন বিসিএস ক্যাডারকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর ও ওএসডি করা হয়েছে।
জবাবে প্রতিমন্ত্রী জানান, বিগত সময়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৩৯ জনকে চাকরিচ্যুত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন