প্রশিক্ষণে অংশ নিতে চীন গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধিদল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি ১৫ সদস্যের প্রতিনিধিদল প্রশিক্ষণে অংশ নিতে চীন সফরে গেছেন। মঙ্গলবার (২ জুন) বেলা ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রতিনিধিদলটি চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে যাচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রম ৮ জুন পর্যন্ত চলবে। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তা, যার মধ্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব মোহাম্মদ মামুন শিবলী ও মেহেদুল ইসলামসহ আরও অনেকে রয়েছেন।
সফরের আগে সোমবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে সক্ষম হবেন।

মন্তব্য করুন