পদ্মা ব্যারেজ প্রকল্প ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়ন: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


পদ্মা অববাহিকার কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, প্রকল্পটি ২০২৬ সাল থেকে শুরু হয়ে ২০৩৩ সালের জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, প্রস্তাবিত এই প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিস্তৃত এই অঞ্চলে প্রায় সাড়ে ৬ কোটি মানুষের বসবাস, যারা নদী নির্ভর জীবনযাপন করেন। তিনি আরও বলেন, ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ নদী নির্ভর জনগোষ্ঠীর জন্য জীবন রক্ষাকারী হিসেবে বিবেচিত হবে।


 মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণের ধারণা নতুন নয়। ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত চারটি সমীক্ষা পরিচালিত হয়। পরে ২০০২ সালে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয় এবং ২০০৪ সালে ৪৫ কোটি টাকা ব্যয়ে একটি বিস্তারিত সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়, যা ২০১৩ সালে সম্পন্ন হয়। এরপর প্রকল্পটির পূর্ণাঙ্গ নকশা চূড়ান্ত করা হয়। 


 তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও পদ্মা ব্যারেজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্পটির ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন-এ পাঠিয়েছে। প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।