মোহাম্মদপুরের সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী সমস্যা রাতারাতি সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকায় অপরাধ দমনে সময় লাগছে। আইনের দুর্বলতার কারণে অপরাধীদের দীর্ঘ সময় কারাগারে রাখা সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, মোহাম্মদপুরে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দীর্ঘমেয়াদে বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে আধুনিক ও সময়োপযোগী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করতে চান না। তবে দ্রুততম সময়ে বিচারকাজ সম্পন্ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


 আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় তিনি জানান, এসির গ্যাসজনিত কারণে শ্বাসকষ্টের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানজট কিছুটা কমেছে। রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ইতোমধ্যে ইতিবাচক ফল দিয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


 সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অবৈধ পুশব্যাক ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সরকার যেকোনো ধরনের পুশব্যাকের বিরোধী। তবে কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তা সরকারিভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।