মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত
ইসরায়েলের পর উপসাগরীয় দেশ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ওই পাঁচ দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, “মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।” যাত্রীদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। এর আগে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।
অন্যদিকে, পাল্টা জবাবে ইরান ইসরায়েলসহ আশপাশের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোতে বিমান চলাচল, নিরাপত্তা ব্যবস্থা ও কূটনৈতিক তৎপরতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

মন্তব্য করুন