বার কাউন্সিল নির্বাচনে সরকারের হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
আইনমন্ত্রী আসাদুজ্জামান।

বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।


 বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার নির্বাচনের কারণে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক পয়েন্ট অব অর্ডারের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের পেছনে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না—এমন প্রশ্ন তোলেন।


 এর জবাবে আইনমন্ত্রী বলেন, আইনে ‘প্যান্ডেমিক’ বা ‘অ্যাক্ট অব গড’-এর পাশাপাশি ‘অন্য যেকোনো যুক্তিসঙ্গত কারণ’-এর বিষয়টি উল্লেখ আছে, যা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে নিজস্ব স্বাধীনতায় সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা বারসহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচন পেছানোর অনুরোধ এসেছে। ঢাকা বার এশিয়ার অন্যতম বৃহৎ বার, যেখানে ২২ হাজারের বেশি আইনজীবী রয়েছেন। তাদের নির্বাচন প্রক্রিয়া সামনে থাকায় বার কাউন্সিল সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।


 জ্বালানি সংকট বা রাজনৈতিক কারণে নির্বাচন পেছানো হয়েছে—এমন অভিযোগ নাকচ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পরই সরকার বার কাউন্সিল নির্বাচনের উদ্যোগ নিয়েছে এবং একটি স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করতে চায়।


তিনি বলেন, আইনজীবীদের দাবি এবং নির্বাচনকে নির্বিঘ্ন রাখতে বার কাউন্সিল নিজস্ব মেধা ও প্রজ্ঞা দিয়ে সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এখানে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।