আজ স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :


জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান এ সম্মাননায় ভূষিত হচ্ছেন।


 বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষা ও দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এবারের পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ব্যক্তিগত পর্যায়ে আরও যারা পুরস্কার পাচ্ছেন তারা হলেন— মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক, শিক্ষায় অবদানের জন্য মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।


 এ ছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার পাচ্ছে— মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ জাতীয় ও রাষ্ট্রীয় সম্মাননা।


 ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং সম্মাননাপত্র।