তৃতীয়বার অস্ত্রোপচারে তানিয়া বৃষ্টি, ভক্তদের দোয়া কামনা
ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর ইতোমধ্যে টানা তিনটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি তানিয়া বৃষ্টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।” তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা উদ্বেগের পাশাপাশি দ্রুত সুস্থতা কামনা করেছেন। জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবারের মতো তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। এরপর গত মার্চ মাসে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার করা হয়।
দ্বিতীয় সার্জারির পর দেশে ফিরলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনরায় অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় এপ্রিলের শুরুতেই আবারও চেন্নাইয়ে যেতে হয় তাকে। ১ এপ্রিল নিজের একটি ছবি শেয়ার করে তানিয়া লেখেন, “আবার শুরু করি তানিয়া”, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়।
সর্বশেষ ৩ এপ্রিল তিনি তৃতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্য করুন