মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবাকে মনে পড়ল :শবনম ফারিয়ার

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত

মির্জা আব্বাসের ধৈর্য দেখে প্রয়াত বাবার কথা মনে পড়ল শবনম ফারিয়ার অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই স্পষ্টভাষী ও সরব। সমসাময়িক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সবকিছুই খোলামেলা ভাষায় প্রকাশ করতে দেখা যায় তাকে। 


এবার আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের ধৈর্য দেখে নিজের প্রয়াত বাবার কথা স্মরণ করেছেন এই অভিনেত্রী। ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা আব্বাস। সম্প্রতি তার নির্বাচনী প্রচারণার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে নানা পরিস্থিতিতে মির্জা আব্বাসের শান্ত ও সংযত আচরণ দেখে ফারিয়ার মনে পড়ে যায় তার বাবার কথা।


 ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ফারিয়া লেখেন, “গত কিছুদিন নির্বাচনী প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।” স্ট্যাটাসে তিনি নিজের বাবার স্বভাবের সঙ্গে মির্জা আব্বাসের আচরণের তুলনা করে মজার ছলে একটি পারিবারিক স্মৃতিচারণ করেন। ফারিয়ার ভাষ্য অনুযায়ী, তার বাবা ছিলেন অত্যন্ত শান্ত ও ধৈর্যশীল মানুষ। বিপরীতে, তার মা ছিলেন বেশ দৃঢ়চেতা। দাদির কড়া শাসনে বড় হওয়া সেই মানুষটিকে জীবনের অধিকাংশ সময় কাটাতে হয়েছে স্ত্রী ও তিন কন্যার ‘শাসন’ সহ্য করে। রসিকতা করে ফারিয়া লেখেন, “আমি প্রায়ই বলি, আমার বাবার জান্নাত অনেকটাই কনফার্ম।


 এই দুনিয়াতেই তিনি ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে আর পরে তার তিন কন্যাকে—এই ভয়ংকর পাঁচ নারীকে হাসিমুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ!” তবে স্ট্যাটাসের শেষাংশে তিনি স্পষ্ট করে দেন, এটি নিছকই মজা করে লেখা। এর সঙ্গে রাজনীতি কিংবা ধর্মের কোনো গুরুতর বা গভীর যোগ নেই। সাংবাদিকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “আল্লাহ ওয়াস্তে এইটা নিয়ে নিউজ করবেন না। প্লিজ।


 আর দয়া করে ধর্মীয় কিছু রিলেট করবেন না, এইটা কোনো সিরিয়াস স্টেটমেন্ট না।” তবে তার এই অনুরোধই শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ফারিয়ার স্ট্যাটাসটি এখন ভাইরাল নিউজে পরিণত হয়েছে।