জুলাই নিয়ে কটাক্ষ, শাওন–মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি
জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এই অভিযোগ জমা দেন। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন ও এর শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর মন্তব্য ও বিভ্রান্তিকর প্রচার চালিয়েছেন।
এতে আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও জনআবেগ ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন