গুঞ্জন নিয়ে মুখ খুললেন শবনম বুবলী, বললেন—‘সবকিছুরই একটা সময় আছে’
বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে গুঞ্জনের শেষ নেই। ব্যক্তিগত জীবন, অন্তঃসত্ত্বা হওয়ার আলোচনা এবং সাম্প্রতিক বিদেশ যাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চলছে নানামুখী আলোচনা। এসব বিষয় নিয়ে এবার সরাসরি কথা বলেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে নিজের ব্যক্তিগত জীবন ও চলমান গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশ প্রয়োজন।
অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে বুবলী বলেন, “যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলব তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখুক। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করছি।”
আসন্ন ভালোবাসা দিবস নিয়েও নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “ভ্যালেন্টাইন মানেই আমার কাছে আমার প্রিয় মানুষগুলো। সবার ভালোবাসা নিয়ে প্রতিদিনকেই আমি ভালোবাসা দিবসের মতো করে কাটাতে চাই। স্পেশাল প্ল্যান তো অবশ্যই থাকবে। আর আমার দর্শক, পরিবার ও ভক্তদের ভালোবাসা তো সবসময়ই পাশে আছে।”
সাম্প্রতিক সময়ে চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ প্রসঙ্গে বুবলী বলেন, “আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি—সবকিছুর একটা সময় আছে। আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, “সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই নিউজ করবেন, দর্শকদের জানার আগ্রহ থাকবেই। এটা নতুন কিছু না। তবে আমি চাই সবাই যেন যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পীকে উপস্থাপন করেন, যেটা আপনারা বরাবরই করে আসছেন।”
এদিকে বুবলীর এসব বক্তব্যের পরও তার ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল কমেনি দর্শক ও ভক্তদের মাঝে।

মন্তব্য করুন