উপায় না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী
উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে দেশের বাজারেও দ্রুত তেলের দাম সমন্বয় করে কমানো হবে।
পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই মধ্যপ্রাচ্যের চলমান সংকটের সমাধান হবে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয় না করলে শিক্ষা, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো কঠিন হয়ে পড়বে। সরকারের বিপুল পরিমাণ অর্থ যদি ভর্তুকির পেছনে ব্যয় হয়, তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ইতিবাচক ঘোষণা আসবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
এদিকে, ঈদের ছুটিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ফলে এবারের ঈদ সবার জন্য পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন