যুদ্ধাবস্থা চরমে, পাকিস্তানের ৫৫ সেনা নিহত
পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে বৃহস্পতিবার থেকে তুমুল সংঘাত শুরু হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তারা নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।
এ পরিস্থিতিতে পাকিস্তান প্রকাশ্যে ‘যুদ্ধ’ ঘোষণা করেছে বলে জানা গেছে। তালেবানের দাবি: ৫৫ পাকিস্তানি সৈন্য নিহত তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন এবং আরও অনেককে আটক করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার দিকে উপ-আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়।
তবে নিজেদের সেনা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পাকিস্তান। পাল্টাপাল্টি দোষারোপ আগের সংঘাতগুলোর মতো এবারও উভয় পক্ষ একে অপরকে প্রথমে হামলা চালানোর অভিযোগ করেছে। উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান সরাসরি ও বন্ধু দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এবার ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে’ বলে মন্তব্য করেন তিনি।
আফগান শহরে বিমান হামলা শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিকা অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, এটি ছিল ‘আফগান হামলার জবাবে পাল্টা হামলা’। পাকিস্তানের দাবি, এসব হামলায় আফগানিস্তানের ১৩৩ জন যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
দুই দেশের মধ্যে চলমান এ সংঘাত নতুন করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন