জেট ফুয়েল বিক্রি বন্ধ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত এবং মূল্য স্থিতিশীল রাখতে বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল রপ্তানি বা বিদেশে বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। সোমবার (১ জুন) ক্রেমলিন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।


 রুশ সরকারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময়ের উদ্দেশ্যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে। সরকারের দাবি, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখাই এই সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য। তবে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে কিছু বিশেষ ক্ষেত্র। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির আওতায় জ্বালানি সরবরাহ।


 এর আগে চলতি বছরের এপ্রিলেও পেট্রোল রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া। সে সময় দেশটির সরকার জানিয়েছিল, বৈশ্বিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারে মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে জ্বালানি সংকট এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বেড়েছে। এমন পরিস্থিতিতে দেশের বিমান খাত ও স্থানীয় বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই মস্কোর এই সিদ্ধান্ত। রুশ সরকার জানিয়েছে, সাধারণ জনগণ ও শিল্প খাতের চাহিদা পূরণে অভ্যন্তরীণ বাজারে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।