ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫ মার্কিন সেনা ও কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
ছবি:সংগৃহিত


সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের একটি মার্কিন বিমানঘাঁটিতে পাঁচজন মার্কিন সেনাসদস্য ও কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। একই হামলায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


 ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বশেষ সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী দাবি করে, তারা হরমুজ প্রণালির আশপাশে এবং এর মধ্যে হুমকি হিসেবে বিবেচিত পাঁচটি ইরানি কামিকাজে ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি বন্দর নগরী বান্দার আব্বাসের কাছে একটি সামরিক স্থাপনায়ও হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করে, তারা অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ইরানের ছোড়া একটি ফাতেহ-১১০ ক্ষেপণাস্ত্র কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও এর ধ্বংসাবশেষ কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে আঘাত হানে।


 হামলার বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে জানানো হয়, ধ্বংসাবশেষের আঘাতে প্রায় পাঁচজন মার্কিন সেনা ও কর্মকর্তা সামান্য আহত হন। এছাড়া ঘাঁটির কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলায় একটি এমকিউ-৯ রিপার ড্রোন সম্পূর্ণ ধ্বংস এবং আরও অন্তত একটি ড্রোন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের পর থেকে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন বহর উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বহরের প্রায় এক-পঞ্চমাংশ ইতোমধ্যে হারিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ব্লুমবার্গ জানায়, চলতি সপ্তাহ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী প্রায় ৩০টি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। 


এসব ড্রোনের বেশিরভাগই ইরানের হামলায় ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ক্ষয়ক্ষতির ফলে নজরদারি ও নির্ভুল হামলার কাজে ব্যবহৃত মার্কিন ড্রোন সক্ষমতায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এছাড়া এমকিউ-৯ রিপার নির্মাতা প্রতিষ্ঠান উৎপাদন সীমিত করায় দ্রুত নতুন ড্রোন দিয়ে এই ঘাটতি পূরণ করাও কঠিন হয়ে পড়তে পারে।