কুমিল্লায় ব্রেক ফেল করে খাদে এভারগ্রিন স্লিপার বাস, আহত অনেকে
মোহাম্মদ সালাউদ্দিন খান, কুমিল্লা প্রতিনিধি: কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রিন স্লিপার বাস দুর্ঘটনার শিকার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। আজ সকাল ৭টার দিকে কুমিল্লার মাধাইয়া দোতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৬৫৫ নম্বরের এভারগ্রিন স্লিপার বাসটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মাধাইয়া দোতলা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ব্রেক ফেল করে। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও উদ্ধারকাজে সহযোগিতা করেন। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটির ব্রেক ফেল করাই দুর্ঘটনার সম্ভাব্য কারণ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন