হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে ১০৭ দিন ধরে আটকা রয়েছে ভারতের পতাকাবাহী ১৩টি জাহাজ। এই জাহাজগুলোতে অন্তত ৫৬২ জন ভারতীয় নাবিক আছেন বলে জানা গেছে। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে সাগরে আটকে থাকা জাহাজগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট। ইতোমধ্যে আটকে পড়া জাহাজে অসুস্থ হয়ে নিশান্ত উরথানাথন নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ‘এমটি সেলেস্টিয়াল’ নামের ভারতীয় এক জাহাজে অসুস্থ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ শিগগিরই ভারতে ফিরিয়ে আনা হতে পারে। নিশান্ত উরথানাথনের এই করুণ মৃত্যুতে তীব্র ভয় ও উৎকণ্ঠা দেখা দিয়েছে দীর্ঘদিন ধরে সাগরে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোর নাবিকদের মধ্যে।
এ অবস্থায় ওমানের রাজধানী মাস্কটে নিযুক্ত ভারতীয় দূতাবাস রোববার এক বিবৃতিতে বলেছে, শারীরিক অসুস্থতার কারণে দুর্ভাগ্যবশত মারা যাওয়া নিশান্ত উরথানাথনের পরিবারের পাশাপাশি জাহাজের ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, নিশান্ত উরথানাথনের মৃতদেহ জাহাজ থেকে নামানো এবং যত দ্রুত সম্ভব ভারতে প্রত্যাবাসনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন