নবীনগরে ভূমি অফিসে অবরুদ্ধ ৩ সাংবাদিক, ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভূমি অফিসে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনজন গণমাধ্যমকর্মী লাঞ্ছিত ও অবরুদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর সদর ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর তারা মুক্তি পান। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ। সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি নবীনগর সদর ভূমি অফিসে জমির খারিজে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠে।
এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তারা অফিসে গেলে সহকারী তসিলদার (নায়েব) মো. সামসুদ্দোহা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, পরে সহকারী তসিলদার সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই তিন সাংবাদিককে অফিসের ভেতরে তালাবদ্ধ করে রেখে বাইরে চলে যান। এতে ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য লোকজনও ভেতরে আটকা পড়েন।
ঘটনার খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন। তার উদ্যোগে প্রায় এক ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে সাংবাদিকদের উদ্ধার করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউএনও মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তদন্তে সহকারী তসিলদারের গাফিলতি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন