মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী, আটক
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামে এক নার্সের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পৌরসদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মারুফা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত। তার স্বামী আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। প্রায় ১০ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়।
তাদের সাত বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রায় ছয় মাস আগে মারুফা মদনে কর্মস্থলে যোগদানের পর থেকে স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কলহের একপর্যায়ে আরিফুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে মারুফার হাত ও পায়ের রগ কেটে দেন। ঘটনার পর পুলিশ আরিফুল ইসলামকে আটক করেছে।
তবে আটক আরিফুল দাবি করেছেন, স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আহত মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার ওসি হাসনাত জামান বলেন, “ঘটনার খবর পেয়ে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন