কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
মো: আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার(কুড়িগ্রাম): কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, একজন মাদক কারবারি মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রামের দিকে মাদক নিয়ে যাচ্ছে। এর ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস দল নাগেশ্বরী পৌরসভার ঠুটাপাইকর নামক এলাকায় অবস্থান নেয়। মাদক কারবারি মোটরসাইকেলযোগে ওই এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটি ফেলে ঠুটাপাইকর ব্রিজের কাছে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে।
পরে সে খালের কচুরিপানার নিচে আত্মগোপন করে। পুলিশ ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচ থেকে তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মাহবুবুল (৩২)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, ঠুটাপাইকর এলাকায় অভিযান চালিয়ে মাহবুবুলকে গ্রেফতার করা হয়।
পরে তার মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “নাগেশ্বরী থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন