কালীগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মায়ের ঘরে আগুন, যুবকের এক বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ :
ছবি:সংগৃহিত

মোঃ শাহনেওয়াজ, স্টাফ রিপোর্টার; গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মাছুম শেখ (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।


 বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার বালুয়াভিটা এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ বালুয়াভিটা এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় মাছুম শেখ বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় তার মা অভিযোগ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।


 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার মাছুম শেখকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এএসআই মোঃ এমারত হোসেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।