ঈশ্বরদীতে দাদী খুন, অপহৃত নাতনীর মরদেহ মিলল ক্ষেতে

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় মধ্যরাতে দাদীকে হত্যা করে বাড়ি থেকে নাতনীকে অপহরণের পর তার মরদেহ পাশের একটি ক্ষেত থেকে উদ্ধার করার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


 নিহতরা হলেন— ভবানিপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনী জামিলা আক্তার (১৫)। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাড়ির বাইরে বের হন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। 


সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় নাতনী জামিলা আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের সরিষার ক্ষেতে তাকে বিবস্ত্র অবস্থায় মৃত পাওয়া যায়। ওসি মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


 নাতনীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।