বাসার নিচে স্কুলছাত্রী খুন, পরিবারের আহাজারি

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ :
ছবি:সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ অনুমান করছে, প্রেমঘটিত কারণে একজন তরুণ তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


 পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে এলাকার একটি গলিতে এই ঘটনা ঘটে। বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবার সঙ্গে হাজারীবাগে ভাড়া বাসায় থাকতেন। বিন্তির বাবা বেল্লাল হোসেন ও মা নাদিয়া বলেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলকে নিয়ে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা হইচই শুনে বাসার নিচে নেমে দেখেন, কে বা কারা বিন্তিকে কুপিয়ে রেখেছে।


 প্রথমে শিকদার মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নাদিয়া বলেন, “রাতে বিন্তি ও নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে রেখে নাবিল মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নেমে দেখি, বিন্তিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। সিয়াম নামে এক তরুণ বিন্তিকে কুপিয়ে পালিয়েছে। তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিরক্ত করত বিন্তিকে।


 আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি বিচার চাই।” বিন্তি পরিবারের দুই সন্তানদের মধ্যে বড় ছিলেন। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিন্তির কাঁধ ও পিঠে একাধিক জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


 হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে এই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। জড়িত তরুণকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”