যে কাজের কথা আমরা মুখে বলেছি, তা করে দেখাবে তামিম

স্পোর্টস ডেস্ক:
প্রকাশ :
ছবি: সংগৃহীত


২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও কিছু সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–র সঙ্গে যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ প্রায় ২১ মাস তিনি বিসিবিতে যাননি।


 তবে নতুন এডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আহ্বানে অবশেষে আবারও বিসিবিতে ফিরলেন সুজন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি বিসিবি কার্যালয়ে উপস্থিত হন। তামিম ইকবালের সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে সুজন জানান, এটি কোনো আনুষ্ঠানিক সভা ছিল না, বরং ব্যক্তিগত আহ্বানে দেখা করতে গিয়েছিলেন তিনি। তিনি বলেন, “তামিম ফোন করে বলেছিল আপনি বোর্ডে আসেন।


 আমি জিজ্ঞেস করলাম কেন, সিসিডিএমের মিটিং নাকি? সে বলল মিটিং না, আপনি আমার সঙ্গে দেখা করতে আসেন, আপনার সাথে আমার অনেক কথা আছে।” প্রায় ২১ মাস পর বিসিবিতে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সুজন বলেন, তামিমের ডাকে তিনি ফিরতে না করতে পারেননি। তিনি বলেন, “এমনিতেই ওর সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো সভাপতি যখন ডাক দিল, তখন না করা সম্ভব হয়নি। মূলত তামিমের সঙ্গেই দেখা করতে গিয়েছিলাম।


” সুজন জানান, পুরো আলোচনাই ছিল ক্রিকেট কেন্দ্রিক। সেখানে আরও কয়েকজন সাবেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ক্রিকেট নিয়েই কথা হচ্ছিল। আমরা যখন ক্রিকেটাররা বসি, তখন ক্রিকেট নিয়েই কথা হয়। সেখানে শাহরিয়ার নাফিস, মিঠুন, রাজ, মুকুল, রাহুল, নান্নু ভাইসহ আরও অনেকে ছিলেন।” বিসিবি সভাপতি হিসেবে তামিম ইকবালের ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন সুজন।


 তিনি বলেন, তামিমের মধ্যে কাজ করার প্রবল আগ্রহ ও সিরিয়াসনেস রয়েছে, যা বোর্ডের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি আরও বলেন, “আমরা এতদিন যেসব বিষয় মুখে বলেছি কিন্তু করতে পারিনি, তামিম সেগুলো বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি।”